নাটোর সদর উপজেলার প্রায় আড়াইশ’ বছরের পুরনো ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি মন্দিরে শুরু হচ্ছে কালিপূজা ও মেলা। তিন দিনব্যাপী এই মেলা আগামী শনিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে। মেলায় দেশি-বিদেশি লক্ষাধিক দর্শনার্থীর সমাগমের আশা করছেন মন্দির কমিটি।
সরেজমিনে দেখা যায়,কালিবাড়িতে ইতোমধ্যেই প্রতিমা গঠনের কাজ প্রায় শেষ করা হয়েছে। রঙের কাজ শেষ করে প্রতিমাগুলোতে প্রয়োজনীয় অলংকার পড়ানো হবে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ জানান,মেলা শুরু হবে শনিবার সকাল থেকে। শেষ হবে মঙ্গলবার বিকেলে। কিন্তু মহাকাল পূজা শুরু হবে শনিবার রাত প্রায় ১১টায়। ওই রাতে পাঁঠাবলির মধ্যদিয়ে শুরু হবে তিন দিনব্যাপী পাঁঠাবলির আনুষ্ঠানিকতা।
মেলা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার ভট্টাচার্য জানান, দেশের বিভিন্ন জেলার বাইরেও এমনকি ভারতের আসাম,মালদহ,কলকাতা,ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্য থেকে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে প্রতি বছরই পাঁঠা বলি দিতে আসেন। তারা আশা করছেন এবারের তিন দিনের মেলা উপলক্ষে এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। মেলা, পূজা ও পাঁঠাবলি নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ৫০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। শনিবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








