আগামী ১৪ জুলাই (শনিবার) প্রধানমন্ত্রী শেথ হাসিনার পাবনা সফর নিয়ে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভাষাসৈনিক ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার (১১ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার যে উন্নয়ন করেছেন অন্য কোনও সরকার এর আগে এত উন্নয়ন করেনি। পাবনায় যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যখাত সব ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ঈশ্বরদী পাবনা নতুন রেল সংযোগ, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঈশ্বরদী ইপিজেড, মেডিক্যাল কলেজ হাসপাতাল, মেরিল একাডেমি শেখ হাসিনা পাবনাবাসীকে উপহার দিয়েছেন।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ১৪ জুলাই পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লির কংক্রিট ঢালাই উদ্বোধন করবেন। পরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। সেখানে ৫১টি বিভিন্ন উন্নয়নমুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।’ এসব অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চান ভূমিমন্ত্রী।
সভা শেষে পাবনা প্রেস ক্লাবের জমি ক্লাবের অনুকূলে স্থায়ী বন্দোবস্ত দিতে প্রধানমন্ত্রী কাছে একটি আবেদন ভূমিমন্ত্রীর হাতে তুলে দেন প্রেস ক্লাবের নেতারা। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জমি প্রেস ক্লাবের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দেন।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে ও সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।








