বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাইকচালক আবদুল মোমিন (৪২)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শনিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নয় মাইল এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে পুলিশ বাইকটি থামিয়ে কাগজপত্র দেখার সময় হানিফ পরিবহনের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে শাজাহানপুর থানার এসআই শাহজাহান উপজেলার নয় মাইল স্ট্যান্ডের দক্ষিণে মোটরবাইক থামিয়ে কাগজপত্র দেখছিলেন। এ সময় ফুলকোট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে প্রবাসী আনোয়ার হোসেন ও প্রতিবেশি ওয়াহেদ আলীর ছেলে মোমিন মোটর বাইকে শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। মোমিন বাইক চালাচ্ছিলেন আর আনোয়ার পিছনে বসেছিলেন। পুলিশ তাদের থামার সংকেত দিয়ে মহাসড়কের পশ্চিম পাশে যেতে বলে। বাইক থামিয়ে পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করলে ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি কোচ ধাক্কা দেয়। এতে আনোয়ার ও মোমিন বাইক থেকে মহাসড়কের পাশে ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কোচ ওই বাইকটিকে ছেঁচড়ে প্রায় ২৫০ মিটার দূরে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার গ্যাস কোম্পানি পর্যন্ত নিয়ে যায়। এতে মোটর বাইকে আগুন ধরে যায়। কোচের চালক বাইক ছাড়িয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসআই শাহাজাহান পুলিশের গাড়িতে আহত আনোয়ার ও মোমিনকে উদ্ধার করে বগুড়া মেডিক্যালে নিয়ে যান। স্থানীয়রা বাইকের আগুন নিভিয়ে ফেলেন। পরে আনোয়ার সেখানে মারা যান।
এসআই শাহজাহান দাবি করেন, তারা ওই বাইক থামতে সংকেত দেননি। দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে মোটর বাইক থামিয়ে কাগজপত্র দেখছিলেন তারা। হানিফ পরিবহনের ধাক্কায় বাইক আরোহী প্রবাসী আনোয়ার নিহত হয়েছেন এবং আহত আরোহী মোমিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাসটিকে আটক করা সম্ভব হয়নি।







