পাবনা সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ইজারুল ইসলাম। শুক্রবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার দোগাছি ইউনিয়নের খয়েরসূতি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আবু ওবায়েদ জানান, খয়েরসূতি দক্ষিণপাড়া গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম ও মনিরুল ইসলামের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এরই জেরে শুক্রবার রাতে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করে রবিউল। এ সময় মনিরুলের বাবা ইজারুল বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন। তার বাবা ইজারুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।








