বগুড়ার সোনাতলা উপজেলার আড়িয়ারঘাট আওয়ামী লীগ আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্যানা এবং অফিসের আসবাবপত্র পুড়ে গেছে।
সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগুনে আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি সম্বলিত প্যানা পুড়ে গেছে। থানায় জিডি করা হয়েছে। আওয়ামী লীগ থেকে মামলা দিলে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন বলেন, ‘পুলিশ গত শুক্রবার নাশকতা মামলায় মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকুকে গ্রেফতার করে। এর প্রতিশোধ নিতেই বিএনপির নেতাকর্মীরা আমাদের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল হামলা করেছে।’
সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির জানান, নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই এ হামলা করেছে।
সোনাতলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে একদল দুর্বৃত্ত উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট এলাকায় আওয়ামী লীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে আসে। তারা দ্রুত অগ্নিসংযোগ ও চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নেতাকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এর আগে অফিসের আসবাবপত্র ও ভেতরে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নানের ছবি পুড়ে যায়।
সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মিয়ার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, কমিশনার আবু বক্কর সিদ্দিক রবিউল প্রমুখ বক্তব্য রাখেন।








