মাদক আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযানে আটক ফেনসিডিল আংশিক জমা দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্ত দুই পুলিশ সদস্য হলেন- শিবগঞ্জ থানার এসআই আইনুল ও এএসআই বাবুল।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় এসআই আইনুল ও এএসআই বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। তখন ৩শ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে শিবগঞ্জ থানার এসআই আইনুল ও এএসআই বাবুল। পরে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে এসআই আইনুল। বাকি ফেনসিডিলগুলো তারা নিজেদের হেফাজতে রেখে দেয়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাথমিক তদন্ত করে এর সত্যতা পান। পরে মাদক আত্মসাতের অভিযোগে শনিবার এসআই আইনুল ও এএসআই বাবুলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।








