নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের নিচু ফুটওভার ব্রিজটি অবশেষে উঁচু করে নির্মিত হচ্ছে। ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় এই ওভার ব্রিজটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারাতে হয়েছে অনেকের। দীর্ঘদিন পর ওভার ব্রিজটি সংস্কার করার পদক্ষেপ গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, রেললাইন থেকে ওই ফুটওভার ব্রিজের উচ্চতা ১৫ ফুট ৩ ইঞ্চি। আর ট্রেনের উচ্চতা ১৩ ফুট ৬ ইঞ্চি। এই ব্রিজটি অনেক আগের। তাই দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ৫ ফুট উচুঁ করে নির্মিত করছেন ওভার ব্রিজটি। কয়েক মাসে এই ফুটওভার ব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা ৫ জন যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছে ১৫ জনের মতো।
সান্তাহার রেলওয়ে কর্মকর্তা জেটিআই হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে রাণীনগরের রেলওয়ের নিচু ফুটওভার ব্রিজের উচ্চতা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে ওভার ব্রিজটির সংস্কার কাজ শেষ হবে। এই ওভার ব্রিজটি উঁচু করার কারণে এখন আর কোনও প্রাণহানির ঘটনা ঘটবে না বলে তিনি জানান।







