প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আদিবাসী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা । এসময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসে। এরপর তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নেন।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান বলেন, ‘আদিবাসীদের ৫% কোটা বহাল রাখতে হবে। আদিবাসী কোটা বাতিলের সময় এখনো হয়নি।’
এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে তাদের এই কর্মসূচি পালিত হয়।







