বহুল প্রতিক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও রেলপথ প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহ্ আখতারুজ্জামান ডিউক, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফী হিরো, আল রাজি জুয়েল, তপন চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, তালেবুল ইসলাম তালেব, মাফুজুল ইসলাম রাজ, শেখ শামীম, আব্দুস সালাম, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০১৫ সালের ১২ নভেম্বর ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়াবাসীর পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন জননেত্রী শেখ হাসিনার কাছে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণসহ ৮টি দাবি উত্থাপন করেন। রেলপথ নির্মাণের দাবি পূরণ হওয়ার প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তারা আশা করেন, উত্থাপিত অপর দাবিগুলোর বাস্তবায়নের জন্যও প্রধানমন্ত্রী আদেশ দেবেন।
রেল প্রকল্প অনুমোদন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, সম্মিলিত নাগরিক জোট বগুড়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা মোটর মালিক গ্রুপ, ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।







