পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি হল ছেড়ে যায় আবাসিক ছাত্র-ছাত্রীরা।
এদিকে, ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ জারি করে কর্তৃপক্ষ। নোটিশে বলা হয় ০৬ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,হলের ডাইনিংয়ে খাবারের মান উন্নয়নের জন্য ভর্তুকি, ক্লাস রুম ও চেয়ারের সঙ্কট দূর করা, পরিবহন সঙ্কট সমাধানসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জেরে ধরে সোমবার দুপুরে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।








