মানুষের সেবা করতে ৭৫ বছর বয়সে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নির্বাচন করছেন তবিবর রহমান মন্ডল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন। বগুড়ার সাত আসনে তিনিই সবচেয়ে প্রবীণ প্রার্থী। তাকে নিয়ে এলাকার ভোটারদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
তবিবর রহমানের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলা সদরের চকচন্দন গ্রামে। তার জন্ম ১৯৪৩ সালের ১৬ এপ্রিল। লেখাপড়া করেছেন নবম শ্রেণি পর্যন্ত। আগে কাঁচা শাক-সবজির ব্যবসা করতেন। বয়স হওয়ায় কৃষিকাজ করেন। তার এক ছেলে ও দুই মেয়ে। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হলেও তিনি সরাসরি রাজনীতি করননি।
তবিবরে রহমানের ছেলে মাসুম মোরশেদ জানান, তার বাবার খুব ইচ্ছা জীবনের অবশিষ্ট দিনগুলো মানুষের সেবায় নিয়োজিত করবেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকালে তিনি স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। নির্বাচন না হওয়ায় তিনি নির্বাচন করতে পারিনি। এবারে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ায় বাবা তার বন্ধু-বান্ধবদের অনুপ্রেরণায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা দেওয়ার জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তা বৈধ ঘোষণা করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে বয়োজ্যেষ্ঠ স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান জানান, জীবনের শখ পূরণ ও মানুষের সেবা করতে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হতে পারলে জেলার উন্নয়নে ভূমিকা রাখবেন। বেকার সমস্যার সমাধান ও মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করবেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-১ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাইয়ে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর ও অন্য কর্মকর্তারা জানান, বগুড়ার সাতটি আসনে ৫৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান বয়সে সবার বড়।








