আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে, দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে। মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই বলা যায়, আসন্ন নির্বাচনে নৌকায় চড়ে ফের সংসদ নেতা হবেন বঙ্গবন্ধু কন্যাই।’
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি ও চরকাদহে আয়োজিত পৃথক দুই নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সোনামখুী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রামগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনি জোয়ারে ভাসছে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কেউ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। কেউই জঙ্গিবাদের শাসন চায় না, হাওয়া ভবন চায় না।’
বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘নাকে খত দিয়ে ভোটের মাঠে খেলতে এসেছেন। এটা ভালো কথা, কিন্তু ঠিকঠাকভাবে খেলবেন। যদি ফাউল করেন, তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।’
তিনি বলেন, ‘প্রাক নির্বাচনি খেলায় হেরে গেছেন। আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল খেলায়ও জনগণ আপনাদের হারিয়ে দেবে। জনগণ ভোট দিয়ে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করবে।’
পারুলকান্দি ও চরকাদহে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী মণ্ডল। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।








