বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সংসদই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ। যেকোনও সমস্যা সমাধানের স্থান। সংসদে এসে কথা বলুন, সমালোচনা করুন। জনগণ এজন্যই আপনাদেরকে ভোট দিয়েছেন।’
রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ।
খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘এক বছরে যে দল তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে, তারা আর যাই হোক; আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করতে পারবে না।’ আইনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন নাসিম।
এর আগে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের প্রবেশমুখে মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।








