রাজশাহী সীমান্তে অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, ইয়াবা এবং ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। রবিবার (৫ মে) সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত পিলারের পূর্ব বাথানবাড়ী এলাকা দিয়ে রাত ১টার দিকে ৪-৫ জনের একটি পাচারকারী দল ভারত থেকে অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল আনার সময় বিজিবির টহল দল তাদের আটক করার চেষ্টা করে। এ সময় তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে একটি বিদেশি পিস্তুল (তৈরি ইউএসএ), পাঁচ রাউন্ড গুলি (৭.৬৫ কে এফ), দুটি ম্যাগাজিন, ১০০ বোতল ফেনসিডিল ও ১৬৫ পিস ইয়াবা পায়। যার সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৫৭ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের রবিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রুবেল আলী (২৪), মুকুল হোসেন (৩৮), নাদিরা বেগম (৩৫), শাহাদৎ হোসেন সবুজ (৩৬), মাইদুল ইসলাম (৪৫), হাবিল উদ্দিন (৪০),গাফ্ফার আলী (২৮), মেহেদী হাসান সবুজ (২৬)ও আকিমুদ্দিন আলী (৪৬)। রুবেলের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল এবং মুকুল ও তার স্ত্রী নাদিরা বেগমের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অন্যরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামি রয়েছে।
অন্যদিকে র্যাব-৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার আড়ের ঢালান বড় ধাদাশ এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল বিদেশিমদসহ দুলাল হোসেনকে (৩৫)গ্রেফতার করা হয়েছে। দুলাল নাটোর জেলার সদর থানার কালুর মোড় গ্রামের আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে নগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







