সিরাজগঞ্জের শাহাজাদপুরের কাছারি বাড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। জন্মজয়ন্তী উপলক্ষে কাছারি বাড়ি প্রাঙ্গণ ও মিলনায়তনে রবীন্দ্র ভক্তদের উপচে পড়া ভিড় যেন মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে রবীন্দ্র আলোচনা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনেও আলোচনা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে।
প্রথমি দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার আহমেদ শামীমের সভাপতিত্বে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান ও ইউএনও নাজমুল হোসাইন খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১৯১৩ সালে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী হয়ে প্রথম বাংলা ভাষা ও ভাঙালিকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। বিশ্ব সাহিত্য, শান্তি, কর্ম, ও সৃষ্টিতে তার ভূমিকা অনবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও তার ভূমিকা অপরিসীম।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি সম্মান জানিয়ে তার লেখা আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত মনোনীত করেছিলেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়তে তার দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে। এজন্য স্মৃতি বিজরিত শাহজাদপুরে সাড়াবিশ্বে রবীন্দ্র চর্চার দ্বার উম্মোচনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বুধবার সকালে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা। আবৃত্তি পরিবেশন করে বর্ণমালা, অক্ষর ও উচ্চারণ আবৃত্তি সংগঠনের শিল্পীরা।







