রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে সাজানো ও ভিত্তিহীন বলে দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। মামলা দায়েরকারীরা আমাদের নেতাকর্মীদের মারধর করেছে, আবার আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা থেকেই তারা এ মামলা করেছে। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ মে রাতে বিশ্ববিদ্যালয় থেকে ইজারা দেওয়া একটি বাগানে লিচু পাড়তে গিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী প্রহরীদের হাতে মারধরের শিকার হন। এরই জেরে পরের দিন নেতাকর্মীরা ওই বাগানের সব লিচু পেড়ে নিয়ে যান। পরে ১০ মে বাগানের ইজারাদার আব্দুল্লাহ ইবনে মনোয়ার চাঁদাবাজি ও লিচু চুরির অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধি ৩২৩/৩৭৯/৩৮৫/৩৮৭/৫০৬(২)/৩৪ ধারায় সিএমএম আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে রয়েছে। ইতোমধ্যে মামলার দুটি শুনানি হয়েছে। আগামী ১৫ জুলাই মামলার তৃতীয় শুনানির দিন ধার্য করা হয়েছে।








