সিরাজগঞ্জে ওজনে কম দেওয়ার অভিযোগে এক মাছ বিক্রেতাকে মারধরের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে মাপ দিয়ে মাছের ওজন ঠিক পাওয়ায় জনরোষে পড়ে মাছ বিক্রেতাদের মারপিটের শিকার হন ওই পুলিশ কর্মকর্তা ও তার সঙ্গে থাকা এক কনস্টেবল।
প্রত্যাহার হওয়া ওই পুলিশ কর্মকর্তা হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন।
মাছ ব্যবসায়ীদের অভিযোগ, এএসআই আশরাফ ও কনস্টেবল বাছেদ অন্যায়ভাবে মাছ বিক্রেতা রাজিবকে (২৬) মারধর করেন। পরে ওজন করে মাছ ঠিক থাকায় উল্টো তাদের আটক করা হয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। পরে দলীয় লোকজন ও স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে বিষয়টির সমঝোতা করা হয়।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাটি একবারেই অনাকাঙ্ক্ষিত। এএসআই আশরাফকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এএসআই আশরাফকে শাস্তি পেতে হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও জিডি বা মামলা করা হয়নি বলে জানান তিনি।






