জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সমঝোতা বৈঠক করেন তিনি। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকে গোয়েন্দা পুলিশ পেটানোর ঘটনায় বেশি বেশি ফোন আসায় ‘ডিস্টার্ব ফিল’ থেকে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটেছে। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা হবে।’ বৈঠকে আলোচনার পর সম্মানজনক সমঝোতা হওয়ায় পুলিশ সুপারের সংবাদ বর্জনসহ সাংবাদিকদের ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম, মমিনুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিকসহ অনেকে।
প্রসঙ্গত, আসামি ধরতে গিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামকে গত রবিবার বিকালে পিটিয়ে আহত করে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য নিতে গেলে পুলিশ সুপার তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।







