রফতানি বন্ধের ঘোষণার পর ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে থাকা ১৮৯ ট্রাক পেঁয়াজ দেশে এসেছে। শুক্রবার (৪ অক্টোবর) বিশেষ ব্যবস্থায় এসব পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুপুর ১২টার পর থেকে বাংলাদেশে প্রবেশ শুরু করে। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বেসরকারি বন্দর পরিচালনা সংস্থা ‘পানামা পোর্ট লিংক লিমিটেডের’ সহকারী ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, ‘শুক্রবার ভারতের ওপারে মোহদীপুর স্থলবন্দরে আটকে থাকা ১৮৯ ট্রাক পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।’
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম জানান, ‘আমরা কয়েকদিন ধরেই ৮৫২ ডলার মূল্যের পুরনো এলসিগুলোর বিপরীতে আটকে পড়া প্রায় দুইশ ট্রাক পেঁয়াজ রফতানি করতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আসছিলাম। অবশেষে আটকে থাকা পেঁয়াজগুলো রফতানির জন্য ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে আজ ছুটির দিনেও বন্দর খোলা রাখা হয়েছে। দুপুর ১২টার পর থেকে ভারত পেঁয়াজ রফতানি শুরু করে।’
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহম্মেদ জানান, ‘আটকে পড়া পেঁয়াজ পচন ধরা শুরু করেছিল। শেষ পর্যন্ত আজ শুক্রবার দুপুরের পর থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে।’
আরও খবর...
পেঁয়াজ ছাড়াই রান্না করতে হচ্ছে: শেখ হাসিনার এক খোঁচাতেই দিল্লির ভোলবদল








