সিরাজগঞ্জের চৌহালীতে শামসুল আলম নামে এক নৌ-পুলিশ সদস্যকে নারী কেলেঙ্কারির ঘটনায় গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মদ্যপ অবস্থায় এক নারীর ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। এদিকে ঘটনা জানার পর শনিবার (২৬ অক্টোবর) কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে।
পরে দুপুরে চৌহালী থেকে তাকে ঢাকার মিরপুরে নৌ-পুলিশের প্রধান কার্যালয়ে পাঠানো হয় বলে জানিয়েছেন চৌহালী নৌ-পুলিশের ওসি বাবর আলী।
তিনি বলেন, এর আগেও শামসুল আলমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। তবে শুক্রবার রাতের ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তাকে সাময়িক বরখাস্তের পর প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম গণি মোল্লা বলেন, চৌহালীতে যোগদানের পর থেকে ৮ মাস ধরে শামসুল আলমের বিরুদ্ধে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিসহ নানা ধরনের অনৈতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।








