নাটোরে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। নিহত নিয়ামত (৩৪) মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড ভোগ করছিলেন।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নাটোর জেল সুপার আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার আব্দুল বারেক জানান, মাদক সেবনরত অবস্থায় গত ২৮ অক্টোবর নিয়ামতকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। রবিবার (১ ডিসেম্বর) সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কারাগারে নেওয়া হয়। কিন্তু রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ফের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিয়ামত নাটোর জেলা শহরের কান্দিভিটুয়া এলাকার আব্দুস সালামের ছেলে।







