চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষার জন্য ‘হেরিটেজ’ হিসেবে ঘোষণা করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীর খোন্দকারের মাধ্যমে রাজশাহীর তরুণ সংগঠন ইয়্যাস (ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) এর নেতারা স্মারকলিপি দেন।
স্মারকলিপির অনুলিপি রেজিস্ট্রি ডাকযোগে পরিকল্পনামন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, প্রত্নতত্ব অধিদফতরের মহাপরিচালক ও আঞ্চলিক পরিচালক (রাজশাহী ও রংপুর বিভাগ), প্ল্যানিং কমিশনের (জিইডি) সিনিয়র সেক্রেটারি বরাবর পাঠানো হয়েছে। পরে সংগঠনটির পক্ষ থেকে একই দাবিতে প্রতিনিধি দলটি রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহী সিটি মেয়র, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে আলাদাভাবে স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে রাজশাহীর সামাজিক-সাংস্কৃতিক ও চলচ্চিত্রপ্রেমীরা মিঞাপাড়ায় অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় প্রগতিশীল ১৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আরও পড়ুন: ঋত্বিকের পৈতৃক ভিটা নিয়ে তদন্ত কমিটি








