সারাদেশে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহে আগামীতে ডিজিটাল অ্যাপ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নওগাঁয় অ্যাপের মাধ্যমে ধান কিনে সরকারিভাবে ধান সংরক্ষণ উদ্বোধন করার পর তিনি এই ঘোষণা দেন।
আমন ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এবার আমন মৌসুমে পরীক্ষামূলকভাবে ১৬টি উপজেলায় ডিজিটাল অ্যাপের ব্যবহার শুরু হয়েছে। এই অ্যাপের মাধ্যমে একজন কৃষক ধান বিক্রির জন্য ঘরে বসেই আবেদন করতে পারবেন। একজন কৃষক নির্বাচিত হয়েছেন কিনা, সে কী পরিমাণ ধান দিতে পারবেন, সব তথ্যই এই অ্যাপে জানা যাবে। এই পরীক্ষামূলক প্রকল্প সফল হলে এটি সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।’
খাদ্যমন্ত্রী জানান, আগামী বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল কেনার পরিমাণ আরও বাড়ানো হবে। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় একজন কৃষকের কাছ থেকে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ধান কেনা হয়। পরে অ্যাপের মাধ্যমে ধান ক্রয়ের টাকা প্রদান করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারীসহ অনেকে।








