বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করছে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়। পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড, আনুতোষিক ফান্ড ও ঋণের কর্তনকৃত টাকা ব্যাংক হিসাবে জমা না করে তা আত্মসাতসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে দুদক এ তদন্ত করছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদুকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম পৌরসভায় উপস্থিত হয়ে পৌর মেয়র বেলাল হোসেনের অনিয়মের নথিপত্র ও ব্যাংক হিসাব সংগ্রহ করেন।
সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, গত বছরের জুলাই মাস থেকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আমরা তার বিরুদ্ধে অভিযোগের তথ্যগুলো সংগ্রহ করছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দুদকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন দুপচাঁচিয়া শাখার পক্ষ থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং আনুতোষিক, প্রভিডেন্ড ফান্ড ও ঋণের কর্তণকৃত টাকা জমাদানের দাবিতে পৌরসভার কমকর্তা-কর্মচারীরা কর্মবিরতি রেখে অবস্থান ধর্মঘট পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন।
এ প্রসঙ্গে মেয়র বেলাল হোসেন বলেন, কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে।
অন্যান্য ফান্ড তিনি আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।







