বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের একদিন পর সাদিয়া খাতুন (৬) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার তালিবপুর পূর্বপাড়া গ্রামের একটি আলু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকালে বাড়ি খেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
সাদিয়া শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্বপাড়া গ্রামের কৃষক শাহিনুর রহমানের মেয়ে। সে স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সাদিয়া বুধবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫শ’ গজ দূরে একটি আলুর ক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সনাতন সরকার জানান, খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছে একটি ক্ষেতে সাদিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়। বিকাল পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনও ক্লু পাওয়া যায়নি। স্বজনরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ ব্যাপারে তদন্ত চলছে।








