নওগাঁর মান্দায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আওরঙ্গজেব জেবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে ১০টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভারশো ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগানে ঘটনাটি ঘটে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক জানান, আওরঙ্গজেবের বিরুদ্ধে প্রায় ১০টি মাদকের মামলা আছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে তাকে সঙ্গে নিয়ে মান্দার ভারশো ব্রিজ এলাকায় ডিবি পুলিশের টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। গোলাগুলির মাঝে পড়ে জেবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়।
আহত পুলিশ সদস্যদের প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।







