রাস্তা থেকে উদ্ধার হওয়া সিলেটের অসুস্থ এক বৃদ্ধকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
সিলেটের বিশ্বনাথের অধিবাসী ওই বৃদ্ধকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকার মোড় থেকে উদ্ধার করে পুলিশ। অসুস্থ ওই বৃদ্ধকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, 'জ্বর, শ্বাসকষ্ট ও আঘাতের চিহ্ন নিয়ে ভর্তি হওয়া বৃদ্ধের অবস্থা বেশ ভাল। তারপরেও নিজেদের স্বার্থে তার নমুনা পরীক্ষার জন্য পাঠনো হচ্ছে।'
প্রসঙ্গত, শ্রমিক সংগ্রহে সিলেট থেকে সিরাজগঞ্জের শিয়ালকোলে এসে সর্বস্ব হারিয়ে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রাস্তায় অসহায় অবস্থায় পড়েন ওই বৃদ্ধ। পরে রাস্তায় কাঁদতে দেখে তাকে উদ্ধার করে কামারখন্দ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় সাহা।








