নাটোরে করোনায় কারখানা বন্ধ রাখার সরকারি আদেশ অমান্য করে প্রসাধনী সামগ্রী উৎপাদন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এক ফ্যাক্টরি কর্তৃপক্ষকে। সদর উপজেলার রামেশ্বরপুর এলাকার মেসার্স এস এম প্রোডাক্টস ফ্যাক্টরিকে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছমিনা খাতুন।
শুক্রবার (১ মে) দুপুরে নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদে ওই ফ্যাক্টরিতে অভিযান চালায় র্যাব। এ সময় দেখা যায়, ঈদকে সামনে রেখে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়ে বিভিন্ন প্রসাধনী তৈরি অব্যাহত রেখেছে। প্রসাধনী পণ্য তৈরি, সংরক্ষণ, বাজারজাতকরণ ও ত্বক ফর্সাকারী ক্রিম উৎপাদান করার অপরাধে ফ্যাক্টরির দায়িত্বে থাকা সুমন আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ফ্যাক্টরির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।







