সরকারি নির্দেশনা না মেনে রাজশাহীতে কাপড়ের দোকান খুলে রাখায় ছবি তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে তিন ফটোসাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ফটোসাংবাদিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। লাঞ্ছিত তিন ফটোসাংবাদিক হলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার শহীদুল ইসলাম দুখু, দৈনিক যুগান্তরের আজম খান এবং স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের মোখলেসুর রহমান মুকুল। তারা সবাই রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য।
রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সরকারি নির্দেশনা না মেনে ১০ তারিখের আগেই সাহেববাজার এলাকায় বিভিন্ন দোকানপাট খুলেছে। দুপুরে একজন ফটোসাংবাদিক খুলে রাখা একটি দোকানের ছবি তুলছিলেন। তখন সাহেববাজার এলাকার রোজ কসমেটিকস সেন্টার নামের একটি দোকানের মালিক নুরুজ্জামান রুবেল তার কর্মচারীদের নিয়ে ওই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই সময় অন্য দুই জন সাংবাদিক তাকে বাঁচাতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।’
এই ঘটনায় ফটোসাংবাদিক শাহিন খান জানান, তারা বোয়ালিয়া থানায় অবস্থান করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।
ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘দোকানিরা অন্যায় করেছে। ফটোসাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’








