দিনাজপুরের হিলিতে অর্থাভাবে ও শ্রমিক সংকটের কারণে সমস্যায় থাকা বাবু নামের এক বর্গাচাষির ধান কেটে ও মাড়াই করে দিলেন হাকিমপুর (হিলি) উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (১০ মে) হিলির বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রাম গ্রামের ওই কৃষকের একবিঘা জমির ধান কেটে ও মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন হাকিমপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমের নেতৃত্বে ২৫ জনের একটি দল এই কাজ করেন।
বর্গাচাষি বাবু বলেন, ‘আমি হিলি স্থলবন্দরে শ্রমিকের কাজ করি। দেড়মাস ধরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকায় আমাদের কোনও কাজ নেই। বাড়িতে বসে আছি। আমি একবিঘা জমি বর্গা নিয়ে ধান লাগিয়েছিলাম। ধান পেকে যাওয়ার পরও হাতে টাকা না থাকায় এবং শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে পারছিলাম না। পরে ছাত্রলীগের ছেলেরা ধান কেটে ও মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে করে আমার মতো কৃষকের খুব উপকার হয়েছে। তাদেরকে এমন কাজের জন্য ধন্যবাদ জানাই।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, অর্থকষ্টে থাকা ও শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়াতে কেন্দ্রের নির্দেশনায় আমরা ওই চাষির একবিঘা জমির ধান কেটে ও মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যেকোনও সমস্যায় তাদের পাশে থাকবে ছাত্রলীগ।








