নারায়ণগঞ্জ থেকে বগুড়ার শিবগঞ্জের ভাটরা গ্রামের বাড়িতে ফেরা করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে তার মা ও এক প্রতিবেশী নারী সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট ৫৯ জন করোনা আক্রান্ত হলেন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ মে) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৭ জনের মধ্যে দুই নারীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। জয়পুরহাটের ১১ জনের সবারই নেগেটিভ এসেছে।
জানা যায়, শিবগঞ্জের পীরব ইউনিয়নের ভাটরা গ্রামের এক যুবক গত ৭ মে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরেন। ১০ মে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত ওই যুবককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে।
এরপর লকডাউনে থাকা ওই যুবকের মা এবং প্রতিবেশী এক নারীর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। গত ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ১৪ মে রাতে বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই দুই নারীর করোনা পজিটিভ আসে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ায় মোট আক্রান্তের মধ্যে নতুন করে এক নারীসহ ১০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় ৪৯ জন আইসোলেশন ও নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় প্রশাসন তাদের বাড়িঘর লকডাউন করাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, বৃহস্পতিবার আক্রান্ত দুই নারীর বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।







