রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় করোনা শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়ালো। রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত রাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯৮৪ জন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবের শুক্রবার (২৪ জুলাই) এর তথ্য অনুযায়ী রাসিক এলাকায় নতুন ২৬ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা মিলে রাসিক এলাকায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ালো ২০১০ জন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন কোভিড-১৯ রোগীদের সবার বাড়ি রাজশাহী। এদের মধ্যে ২৬ জন রাসিক বিভিন্ন এলাকার বাসিন্দা।
রাসিক এলাকা ও জেলা মিলে কোভিড রোগীর সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ২ হাজার ৫১২ জন। রাজশাহী জেলায় কোভিড রোগে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৯ জন এর মধ্যে রাসিক এলাকার ১১ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় কেউ কোয়ারেন্টানে নেই। রাজশাহী জেলায় দুই হাজার ৫৫ জন কোয়ারেন্টানের সকলেই ছাড়পত্র পেয়েছেন।
রাসিক এলাকায় আশঙ্কাজনক হারে করোনাভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১৫ মে রাজশাহী রাসিক এলাকায় প্রথম করোনা রোগী শনাক্তের পর ১০ জুলাই পর্যন্ত মাত্র ৫৬ দিনেই করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫৬ জনে দাঁড়ায়।







