নওগাঁর পত্নীতলায় বাক প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামি কামরুজ্জামানকে (২০) আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, প্রতিবেশী কামরুজ্জামান বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাইতো এবং দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করতো। কয়েকদিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী ঘটনা দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধারে করতে এলে সে পালিয়ে যায়।
পরে বাক প্রতিবন্ধী ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চালায়। তবে ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। শনিবার রাতে গোয়েন্দা তথ্য ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কামরুজ্জামান চট্টগ্রামে পালিয়ে যাওয়ার সময় নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এবং তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চিশতীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







