পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশের দাবি, ধর্ষিতা ও ধর্ষক সম্পর্কে প্রেমিক-প্রেমিকা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের মৃত মান্নানের নবম শ্রেণির পড়ুয়া মেয়ের (১৬) সঙ্গে মোবাইলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াগারফা গ্রামের শফিকুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণি পড়ুয়া তানভীর আহমেদের (১৫) প্রেমের সর্ম্পক গড়ে উঠে।
গত রবিবার (১১ অক্টোবর) তানভীর প্রেমিকার বোনের বাচ্চা দেখতে ওই বাড়িতে যায়। রাত হয়ে এলে সেখানে থেকে যান। রাত ৯টার দিকে প্রেমিকা জরুরি প্রয়োজনে তানভীরের শয়নকক্ষে গেলে তানভীর নানা প্রলোভনে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তানভীরকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ধর্ষিতা ও ধর্ষক মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ায়। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটক তানভীরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।








