বগুড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত এবং গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জেলার গাবতলী ও শাজাহানপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জেলার গাবতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় বাবা-ছেলে নিহত ও মা গুরুতর আহত হয়েছেন। বিকালে উপজেলার পেরীরহাট এলাকায় গাবতলী-বাগবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাবতলী থানার পরিদর্শক (অপারেশন) লাল মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুণি প্রামাণিকপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম (৬০) এবং তার ছেলে মুন্না মিয়া (৩৫)। গুরুতর আহত মুন্নার মা মনোয়ারা বেগমকে (৫৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্না মঙ্গলবার বিকাল ৫টার দিকে মোটরসাইকেলে বাবা জাহিদুল ইসলাম ও মা মনোয়ারা বেগমকে নিয়ে মহিষাবান ইউনিয়নের নিজ গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পেরীরহাট এলাকায় গাবতলী-বাগবাড়ী সড়কে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে তিন জন গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর রাতে মুন্না মিয়া মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় মা মনোয়ারা বেগম চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শজিমেক হাসপাতালের পরিচালকের পিএ রায়হান উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। তিনি বগুড়া শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার সুজাবাদে যাচ্ছিলেন।
রায়হান ওই গ্রামের সফির উদ্দিনের ছেলে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, চালককে আটক ও ট্রাক জব্দ করা হয়েছে।








