বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেন, ‘রাজশাহী মিসিগান শহরের মতো সম্ভাবনাময়। এ শহরে তথ্য-প্রযুক্তিগত প্রতিষ্ঠান গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা আছে। সিস্টার সিরিজ প্রোগ্রামের আওতায় অনুষদ ও শিক্ষকদের পড়াশোনায় অতিরিক্ত বিনিয়োগ কিভাবে করা যায়, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।’
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী নগর ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রদূত। এর আগে, তিনি সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে কাজ চলছে। বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দুই দেশের একটি, যারা স্নাতকোত্তর, পিএইচডি ও হার্ড সায়েন্সের ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পাঠাচ্ছেন। সে কারণে শিক্ষা আদান-প্রদানের ওপর অর্থাৎ কিভাবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে পারে এবং সেখানকার শিক্ষার্থী এখানে আসতে পারে সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’









