রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) সকাল থেকে রবিবার (৩০ মে) সকাল পর্যান্ত বিভিন্ন সময়ে হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান। এর আগে করোনা ইউনিটে একদিনে এত সংক্ষক রোগী মারা যাননি। রবিবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফৌরদাস এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ। বাকি চার জনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাত জন রয়েছেন। বাকিদের মধ্যে রাজশাহীর দুই জন, নওগাঁর দুই জন ও নাটোরের একজন। এ নিয়ে গত ছয় দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১ জন।
সাইফুল ফৌরদাস আরও জানান, রবিবার পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজিটিভ রোগী ৭৫ জন। তাদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৩ জন, রাজশাহীর ৮৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার ৩ জন রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৫ জন।








