মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ নদীর পানি হার্ড পয়েন্টেই (সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ) ১৫ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও বিপৎসীমার ১.২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিদিনই যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার বীজতলা, সবজি বাগান, পাট ও তিলক্ষেত। একইসঙ্গে নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, শনিবার (০৩ জুলাই) সকাল থেকে যমুনা নদীর পানি কিছুটা কমেছিলো। রবিবার (০৪ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন এ পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি অবনতি হয়নি। বন্যার জন্য আগাম প্রস্তুতি রয়েছে। বর্তমানে দুই টন চাল ও নগদ সাড়ে সাত লাখ টাকা মজুত রয়েছে।








