বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ মুঞ্জিল আলী সরকার (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকারের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।









