বগুড়ায় ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের কানুচগাড়ী এলাকায় ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত যুবক সম্ভবত রেন্ট-এ-কার চালক। পূর্ব কোনও বিরোধের জের ধরে দুই দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত খাইরুল ইসলাম সুমন রংপুর সদরের মিস্ত্রিপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের সাবগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাত ১১টার দিকে শহরের শেরপুর সড়কের কানুচগাড়ি এলাকায় ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তায় দু’জন দুর্বৃত্ত সুমনের দুই হাতের কবজি ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তিনি পাশে বিএইচ ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি সেলিম রেজা বলেন, পূর্ব কোনও বিরোধের জের ধরে দুই দুর্বৃত্ত খাইরুল ইসলাম সুমনকে কানুচগাড়ী এলাকায় ডেকে আনে। সেখানে তারা তার দুই হাতের কবজি ও দুই উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঘাতকদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলে জানান তিনি।









