রাজশাহীর বাগমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় আলামিন হোসেন (৪২) নামে এক সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খুঁজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আলামিন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসেছিলেন আলামিন। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। এরপর ‘কেন চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান’ এ নিয়ে আলামিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে তারা দোকানের সামনে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আলামিনের স্বজনদের অভিযোগ, আউচপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদের নির্দেশে তার লোকজন এই হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জান মোহাম্মদ মোবাইল ফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চায়ের দোকানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।









