পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আমিন উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের মধ্যে সহিংসতায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত সবুজ হোসেন (৩৫) চলনা গ্রামের হাচেন আলীর ছেলে। তবে তাকে সমর্থক দাবি করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী। এর আগে সোমবার সন্ধ্যায় সংঘর্ষে আহত হন সবুজ।
আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক অভিযোগ করে বলেন, ‘নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের সমর্থকরা সোমবার সন্ধ্যায় হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর করে। সেই সঙ্গে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আমার সমর্থক সবুজকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়’।
এ নিয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সঠিক নয়। সেখানে আমার লোকজন হামলা চালায়নি। যিনি মারা গেছেন তিনি আমারই সমর্থক ছিলেন। এখন তারা তাকে নিজেদের সমর্থক দাবি করে উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন’।
সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় সবুজের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি’।









