গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কৃত বিভাগের শিক্ষক ও রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সহধর্মিণী ড. এলিনা আক্তার পলিকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
জানা গেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছেন তা জানা যায়নি।
তবে আইসিইউতে থাকলেও ড. এলিনা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। তিনি জানান, এমপি আয়েনের স্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে কথা বলার মতো অবস্থায় নেই। এ জন্য তার সঙ্গে কথা বলা যায়নি। থানায় মামলা হয়েছে। এরকম রোগী এলেই পুলিশ কেস এমন সিল দেওয়া হয়। ওনার ক্ষেত্রেও তেমনটাই করা হয়েছে। তবে পুলিশের কেউ এখনও তার সঙ্গে কথা বলতে পারেনি।
এ প্রসঙ্গে রামেক হাসপাতাল এলাকার রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি জানি না।’
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ড. এলিনাকে জরুরি বিভাগ আনা হয়। সেখান থেকে তাকে ৩৮ নম্বর ওয়ার্ডে (মেডিসিন বিভাগ) পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গেছে, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য হলেও আয়েন উদ্দিন নগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়ি থেকেই তার সহধর্মিণীকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
এমপি আয়েন উদ্দিন বলেন, ‘ওর (এলিনা) শারীরিক অবস্থা এখন ভালো। আইসিইউতেই ছিল। কিন্তু আজ বিকালে ছেড়ে দেওয়ার (রিলিজ) কথা। তো কাল সকালেই ছেড়ে দেবে। আমি বললাম, তাহলে বেড আর চেঞ্জ করার দরকার নেই। আইসিইউতেই থাকুক।’
তিনি আরও বলেন, ‘ঘুমের ওষুধ বলতে ওইটা রিল্যাক্সিং ভ্যাকসিন। এটা খেয়ে, এমনি ডায়াবেটিস হচ্ছে, এমন সময় নিলে হয়ে যায়। আমাকে যখন খবর দেয় তখন আমি একটা প্রোগ্রামে ছিলাম, রাইঘাঠিতে। আমি তো তড়িঘড়ি করে বলেছি, তাড়াতাড়ি মিষ্টি এনে খাওয়া। আমি আসতে আসতে মিষ্টি খাওয়া। আমি জানি, মিষ্টি খাওয়ানো হলে একটু ইয়্যা (ঠিক) হয়। এর আগে, দুই তিনবার ওইরকম হইসে। মিষ্টি খাওয়ার পর গেছে। গ্লুকোজ খাওয়ানোর পরও সুস্থ হয়। এ ছাড়া অন্য কিছু না। আর প্রেসার লো থাকে। ওর (এলিনা) প্রেসার ৭০-এর নিচে থাকে। ওপরেরটা ১০০, ৯৫ এরকম থাকে সবসময়।’









