বগুড়ার ধুনট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আরও দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের স্বাক্ষরিত দলীয়পত্রে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন—ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জার।
নূরুন্নবী তারিক জানান, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এসএম মাসুদ রানার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান মন্টুর পক্ষে প্রকাশ্যে কাজ করেন রেজাউল করিম দুলাল। নৌকার প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচেনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিকের নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাধারণ সম্পাদক গোলাম মতুর্জারকেও তদন্ত সাপেক্ষে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রেজাউল করিম দুলাল ও গোলাম মতুর্জার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মিথ্যা অভিযোগে এবং গঠনতন্ত্র পরিপন্থীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা এ ব্যাপারে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতা ও বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে গত ১১ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।









