দিনাজপুরের প্রায় পাঁচ শতাধিক ভবঘুরে, ভিক্ষুক, প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন এক মুদি দোকানি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর শহরের রামনগর মাঠে এই আয়োজন করেন পৌর শহরের রামনগর এলাকার মৃত ইউনূস আলীর ছেলে রাহাত হোসেন।
সকাল থেকেই মাঠের পাশে আয়োজন হয় রান্নার। শুক্রবার দুপুরের আগে থেকেই শহর ও আশপাশের এলাকার দুঃস্থরা আসতে থাকে। রান্না শেষে বিতরণ করা হয় খাবার। মেনুতে ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিম ও ডাল। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে এসব মানুষকে দাওয়াত দেওয়া হয়।
এলাকার রমিছন বেওয়া বলেন, আমাদের কখনই কেউ দাওয়াত দেয়নি। কোনও অনুষ্ঠানে গেলে উল্টো তাড়িয়ে দেয়। ঝুটা খেতে দেয়। সেখানে এই দোকানি আমাদের দাওয়াত দিয়ে খাইয়েছেন। তার মনের আশা আল্লাহ পূরণ করুন।
মুদি দোকানি রাহাতের বড় বোন শাকিলা বেগম বলেন, আমার ভাইয়ের অনেকদিনের ইচ্ছা তিনি অসহায়দের অন্তত একবেলা দাওয়াত দিয়ে আয়োজন করে খাওয়াবেন। আজ তার ইচ্ছা পূরণ হলো। আমি তাকে নিয়ে গর্ব করি।
রাহাত হোসেন বলেন, যারা জন্মান্ধ, প্রতিবন্ধী ও ভবঘুরে, তারা পৃথিবীর অনেক কিছু থেকেই বঞ্চিত। ছোটবেলা থেকেই আমার এমনটা ইচ্ছে ছিল। আজ আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন। সমাজের সবাই একটি সময় এসব মানুষকে দাওয়াত দেবেন, এমনটিই আমার আশা।








