পাবনার ঈশ্বরদীতে নসিমন-সিএনজির সংঘর্ষে দুই জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রবিবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দিকশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৫)। অপরজন সিএনজিচালিত অটোরিকশার চালক। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতরা হলেন, ঈশ্বরদীর আমবাগান এলাকায় ডলি খাতুন, আনোয়ারা খাতুন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহরম আলী, শাহিন হোসেন।
ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার জানান, পাবনা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিকশাইল মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশার চালক ও একজন যাত্রী নিহত হয়।
ঈশ্বরদী স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ঘটনার পরে ৪ জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
ঈশ্বরদী হাইওয়ে থানার ওসি জানান, নসিমন চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে নসিমন ও সিএনজি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। মহাসড়কে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।









