রাজশাহীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের (টিভি ক্যামেরাম্যান) ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয় জন সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন আখতরুজ্জামান লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির রফিকুল ইসলাম, এসএ টিভির আবু সাঈদ, গাজী টিভির রবিউল ইসলাম খোকন এবং নিউজ ২৪ এর সামিউল আলীম বাপ্পী।
হামলাকারীরা চ্যানেল ২৪-এর ক্যামেরা ভাঙচুর করে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আরইউজে। ঘটনার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এই দাবি জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে করা সমাবেশ চলাকালে বিকেল ৫টা ২০ মিনিটে সবাবেশস্থলে জায়গা দখলকে (বসা) কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতি এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এই ঘটনার দৃশ্য ধারণকালে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরাম্যানদের ওপর যুবদল ও যুব মহিলা দলের বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এতে ছয় জন ক্যামেরাম্যান আহত হন। পরে সাংবাদিকরা সমাবেশ বয়কট করে গণকপাড়া মোড়ে অবস্থান নেয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে তিনি অবগত। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাই। এ ঘটনা কারা ঘটিয়েছে বুঝতে পারছি না। বিএনপি একটি বৃহৎ দল। ভুলত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ছোট ভাইদের।’









