বগুড়ায় দুর্বৃত্তরা মো. রবিন (২৪) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলমাঠে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় রঙ মিস্ত্রি রবিন বগুড়া সদরের ভাটকান্দি মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি; কয়েকমাস জেলে থাকার পর সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি। বৃহস্পতিবার বেলা ১টার দিকে দুর্বৃত্তরা রবিনকে তার বাড়ি থেকে ডেকে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব কোণে নিয়ে আসে। এরপর তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় একই ক্যাম্পাসে ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ ঘটনায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিহতের ছোট বোন খুশি বলেন, দুপুরে রবিন বাসায় শুয়ে ছিল। বেলা ১টার দিকে দুই বন্ধু তাকে ডেকে প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাসায় খবর আসে রবিনকে হত্যা করা হয়েছে। তিনি তার ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, নিহত রবিন একটি হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করেছে তার পরিচিতরা।
তিনি আরো বলেন, হামলাকারী কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। এসব খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে রবিনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।









