নকল ডিসিআর দাখিল করে ৫১ শতাংশ পুকুর দখলের চেষ্টায় সিংড়ায় এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। তবে ৭ ঘণ্টা পর উপজেলা ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে ওই যুবক ছাড়া পায়। অভিযোগ রয়েছে, এর আগেও ওই যুবক নিজেকে পৌর মেয়র পরিচয় দিয়ে ভূমি সংক্রান্ত জালিয়াতির চেষ্টা করেন।
ওই যুবকের নাম মোস্তফা মন্ডল (৫০)। তিনি সিংড়া উপজেলার বারইহাটি গ্রামের জব্বার মন্ডলের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান দাবি করেন, ‘ভবিষ্যতে আর এমন কাজ করবে না, এমন মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে ওই যুবক নিজেকে সিংড়ার পৌর মেয়র পরিচয়ে অবৈধভাবে কাজ করিয়ে নিতে চাইতো। এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ফোন করে মাফ চান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই যুবক ০৭.০৪.২১ তারিখে তৎকালীন এসিল্যান্ড রকিবুল হাসানের স্বাক্ষর স্ক্যান করা নকল ডিসিআর নিয়ে ভূমি অফিসে আসে মোস্তফা। এ সময় বারইহাটি মৌজায় ৫১ শতাংশ পুকুর তাকে দখল করে দেওয়ার কথা বলে। ডিসিআর দেখে সন্দেহ হলে অফিসের কাগজপত্র দেখে তার প্রতারণা প্রমাণিত হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। এরপর রাত সাড়ে ৭টার দিকে মুচলেকায় স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,এসিল্যান্ড ওই যুবককে পাঠিয়েছিলেন। আবার তিনিই তাকে নিয়ে গেছেন। এ বিষয়ে কোনও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।









