পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন। শুক্রবার (৮ জুলাই) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম শাকিল (২৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, স্বজনদের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন অনেকে। ভোরে এমনই এক পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে পিকআপের ৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে দুই জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে ভোর ৪টার দিকে একই এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানান ওসি মোসাদ্দেক হোসেন।









